নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন—এমন ঘোষণা দিয়ে মাইকিংয়ের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দুই রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় মাইকিংয়ে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের একটি খোলা মাঠের সড়কে মাইকিংয়ের ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়। গতকাল রাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মো. শহিদুল ইসলাম শহীদ (৪৩)। তিনি কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া নবগ্রাম তালাপাড়া এলাকার মো. আব্দুল জলিল সরকার (৫০) গ্রেপ্তার হয়েছেন। তিনি মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে জানা গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মাইকিংয়ের ঘটনার বিষয়ে জানেন বলে শহিদুল ইসলাম পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আব্দুল জলিল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
মাইকিংয়ের ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।