বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশায় জামাতার লাঠির আঘাতে ১০ মাসের শিশুসহ আহত ৩, আটক ২ ভাই

পোরশায় জামাতার লাঠির আঘাতে ১০ মাসের শিশুসহ আহত ৩, আটক ২ ভাই

পোরশায় জামাতার লাঠির আঘাতে ১০ মাসের শিশুসহ আহত ৩, আটক ২ ভাই

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি


নওগাঁর পোরশায় পারিবারিক বিরোধের জেরে জামাতার লাঠির আঘাতে ১০ মাস বয়সী এক কন্যাশিশুসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুটির নানি ও পরিবারের আরেক সদস্য রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জামাতা ইয়াসিন আলী ও তাঁর ভাই মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পোরশা থানা পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—নিতপুর পূর্ব দিয়ারাপাড়া গ্রামের ইয়াসিন আলীর ১০ মাস বয়সী কন্যা ইয়াসমিন, শীতলী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত তামসু শেখের ছেলে মো. মোস্তফা (৬০) এবং মৃত কালু শেখের মেয়ে হামফুল নেছা।
আটক দুই ভাই হলেন ইয়াসিন আলী ও মোস্তাফিজুর রহমান। তাঁরা নিতপুর পূর্ব দিয়ারাপাড়া গ্রামের মৃত মোহাদ্দেসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন আলীর মাদকাসক্তির অভিযোগকে কেন্দ্র করে তাঁর স্ত্রী প্রায় এক বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঢাকায় কর্মরত ইয়াসিন দুই দিন আগে বাড়িতে ফেরেন। এরপর মেয়েকে দেখার কথা বলে তিনি ১০ মাস বয়সী কন্যাশিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান।
কয়েক ঘণ্টা পার হলেও শিশুটিকে ফিরিয়ে না দেওয়ায় তার নানি হামফুল নেছাসহ পরিবারের সদস্যরা শিশুটিকে আনতে ইয়াসিনের বাড়িতে যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠির আঘাতে শিশুটিসহ তিনজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।
এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় দুজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে পুলিশের তদন্তের ফলাফল গুরুত্বপূর্ণ।