মোঃ আনছারুজ্জামান রেজুয়ান, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে গাইবান্ধা জেলার সাঘাটা থানার পুলিশ অফিসার ও ফোর্সের একটি দল গতকাল শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মামলার পরোয়ানাভুক্ত সুমন মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত সুমন মিয়া সাঘাটা উপজেলার ফলিয়া দিগর গ্রামের রেজাউল করিম ও সাবিনা বেগম দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন আদালতে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর মধ্যে সিআর মামলা নম্বর ৬৯৪/২৪-এ তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে ঢাকা মহানগর ও সাঘাটা থানার আরও কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানা বিচারাধীন রয়েছে। মামলাগুলো হলো—সিআর মামলা নম্বর ৩৬২৫/২৪ (ঢাকা মহানগর), সিআর মামলা নম্বর ২৭৬/২৩ (সাঘাটা), সিআর মামলা নম্বর ৪০২/২৫ (সাঘাটা) এবং সিআর মামলা নম্বর ২৩৮-সি/২২।
পুলিশের বিশেষ অভিযানে তাকে আটকের পর আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।