নওগাঁর মান্দায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় মাটি কাটার কাজে নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদে আবেদনকারীদের উপস্থিতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত লটারির মাধ্যমে ইউনিয়নে ১০ জন করে মোট ২০ জন শ্রমিক নির্বাচিত করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ১৪ টি ইউনিয়নে উন্মুক্ত লটারির মাধ্যমে মহিলা কর্মী নিয়োগ করা হবে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় মান্দা প্রসাদপুর ইউনিয়নে ১০ জন নারী শ্রমিক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রসাদপুর ইউনিয়নে ৩৮ জন নারী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ১৬ জন লটারিতে অংশ নেওয়ার সুযোগ পান। সেখান থেকে লটারির মাধ্যমে ১০ জনকে চূড়ান্ত এবং আরও ৬ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। সংশ্লিষ্টরা জানান, নির্বাচিত কোনো শ্রমিক কাজ করতে অপারগতা প্রকাশ করলে কিংবা দুর্ঘটনায় আহত বা অসুস্থ হয়ে কাজ করতে না পারলে অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে অন্য শ্রমিককে কাজের সুযোগ দেওয়া হবে। লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, এলজিইডির সার্ভেয়ার এহতেশাম বিল্লাহ, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক এস এম সারোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপি'র সহ সভাপতি সামসুর রহমান সরদারসহ ইউপি সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আবেদনকারীরা এ সময়ে উপস্থিত ছিলেন।
এম এ মতিন
মান্দা (নওগাঁ)প্রতিনিধি