রাঙামাটির নানিয়ারচরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ২৮তম শুভ কঠিন চীবর দান ২০২৬।শুক্রবার (৩০ অক্টোবর) নানিয়ারচরের রত্নাংকুর বন বিহার পরিচালনা কমিটি এবং শ্রদ্ধাবান দায়ক-দায়িকাদের উদ্যোগে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিটি ধর্মেই দান একটি মহৎ গুণ হিসেবে বিবেচিত হলেও বৌদ্ধ ধর্মে দানের গুরুত্ব ও তাৎপর্য বিশেষভাবে স্বীকৃত। দানের এই মহিমাকে কেন্দ্র করেই প্রতিবছর বৌদ্ধ ধর্মাবলম্বীরা আয়োজন করেন শুভ কঠিন চীবর দান উৎসব।অনুষ্ঠান উপলক্ষে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, কল্পতরু দানসহ নানা ধর্মীয় ও দানানুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষুসংঘের সদস্যরা বুদ্ধের অমীয় বাণী, মানবকল্যাণ, সম্প্রীতি, সৌহার্দ্য এবং একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার গুরুত্ব তুলে ধরে ধর্মীয় দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা রিঙ্কু, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ার বেগম, রাঙামাটি জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বাবু রনবিকাশ চাকমা। এছাড়াও বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ, নানিয়ারচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।ধর্মীয় আচার-অনুষ্ঠান, পুণ্যদান ও প্রার্থনার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
মোঃ কামরুল ইসলাম,
রাঙামাটি জেলা প্রতিনিধি:
