কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮(৩) ও ১৮(২) অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নিষিদ্ধ এলাকায় থাকার কারণে বুড়িচং উপজেলার গারুচো এলাকায় অবস্থিত মেসার্স ফাইভ স্টার ব্রিকস নামক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে চিমনি ভেঙে দেওয়া হয় এবং কিলন (চুল্লি) উচ্ছেদপূর্বক ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় অবস্থিত মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ (পূর্বের নাম মাস্টার ব্রিকস) নামক ইটভাটায়ও একইভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে চিমনি ভেঙে দেওয়া হয় এবং কিলন উচ্ছেদ করে ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ, পরিদর্শক জোবায়ের হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী, বুড়িচং থানা পুলিশ এবং আনসার সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে তাদের আওতাধীন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
