নগরীর হালিশহর থানা থেকে লুট হওয়া একটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিভাগ। এ ঘটনায় সুমন হোসেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সুমন হোসেন লক্ষ্মীপুর সদর থানার বাসিন্দা।
ডিবি-পশ্চিমের পরিদর্শক মজিবুর রহমান জানান, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা থেকে লুটকৃত একটি অস্ত্র একজনের কাছে থাকার গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ ডিসেম্বর ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার সুমন হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার কাছে একটি লুটকৃত সরকারি অস্ত্র (পিস্তল) ও একটি ম্যাগাজিন থাকার কথা স্বীকার করেন।
তিনি আরও জানান, ১৯ ডিসেম্বর সুমনকে সঙ্গে নিয়ে তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলায় গিয়ে বাড়ির মাটির নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সচল প্লাস্টিকের বাটযুক্ত ৯ এমএম তরাশ বিদেশি পিস্তল এবং একটি ৯ এমএম তরাশ পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা থেকে লুট করা হয়েছিল।
