বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে শহরের বরফকল ঘাট-সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে মাসুদুজ্জামানের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় মাসুদুজ্জামান বলেন, আমাদের নেতা দীর্ঘ ১৮ বছর মাতৃভূমি থেকে দূরে ছিলেন। তিনি বিভিন্নভাবে ফ্যাসিবাদ দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। তার পরিবার নিপীড়িত হয়েছে, দল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্যাসিবাদীরা যতভাবে পেরেছে জনাব তারেক রহমান ও তার পরিবারকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে। কিন্তু ফ্যসিবাদের শত অত্যাচারেও তারেক রহমান মাথা নত করেননি।
তিনি আরও বলেন, আমরা তার স্বদেশ প্রত্যাবর্তনের জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান হবে। আজকের এই দোয়া মাহফিল থেকে আমরা তারেক রহমান ও তার পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ যেন দেশের জন্য তার সমস্ত ত্যাগ কবুল করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু ও আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, আলমগীর হোসেন, শরীফুল ইসলাম শিপলু ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
