দীর্ঘ সতেরো বছরের প্রবাস জীবন ও রাজনৈতিক নির্বাসন শেষে দেশে ফিরেই ভোটার তালিকায় নিজের নাম তোলা এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। তিনি ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হচ্ছেন।
নির্বাচন কমিশন (ইসি) ও বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমান রাজধানীর গুলশানে তার মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র ঠিকানা ব্যবহার করে ভোটার হওয়ার আবেদন করেছেন। এর আগে তার জন্মস্থান বগুড়ায় ভোটার হওয়ার বিষয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত ঢাকা থেকেই তিনি নিবন্ধিত হওয়ার সিদ্ধান্ত নেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) তার অনলাইন আবেদনের পর আজ (শনিবার) দুপুরে তিনি সশরীরে নির্বাচন ভবনে উপস্থিত হন। সেখানে এনআইডি সেবাকক্ষে তার ছবি তোলা, দশ আঙুলের ছাপ, চোখের আইরিশের ছাপ এবং স্বাক্ষর গ্রহণ করা হয়। এ সময় ইসি সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তফসিল ঘোষণার পর ভোটার হওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল থাকলেও নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, এতে আইনি কোনো বাধা নেই। তিনি বলেন, ‘ইসি চাইলে যে কোনো সময় যে কোনো যোগ্য ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে।’
