রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী হকার দল রাঙ্গামাটি জেলা শাখার আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে জেলা শহরের একটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। নবগঠিত রাঙ্গামাটি জেলা হকার দলের সভাপতি মোঃ আল আমিন-এর সভাপতিত্বে এবং নেতৃবৃন্দের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জাসাস সভাপতি মোঃ কামাল বলেন,
সাধারণ মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ে জাতীয়তাবাদী হকার দল সবসময় রাজপথে সক্রিয় থাকবে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করতে হকার দলের এই যাত্রা অত্যন্ত সময়োপযোগী।
তিনি আরও বলেন, হকাররা সমাজের একটি গুরুত্বপূর্ণ শ্রমজীবী অংশ। তাদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত আন্দোলনের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাকিল, ওলামা দলের সভাপতি মোঃ ইব্রাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, হকার দলের মতো শ্রমজীবী সংগঠন বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবগঠিত হকার দলের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানসহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নবগঠিত জেলা হকার দলের নেতৃবৃন্দের আনুষ্ঠানিক পরিচিতি প্রদান করা হয় এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম ও লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
