পঞ্চগড় জেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬) সকালে জেলার তাপমাত্রা নেমে আসে ৬.৯ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ছয়টায় বাতাসের আদ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।
একই দিন সকাল নয়টায় তাপমাত্রা আরও সামান্য কমে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময়ও বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ। গতদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তেতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সকাল পর্যন্ত স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নিম্নআয়ের মানুষ, শিশু ও বয়স্করা।
তবে সকাল থেকে তীব্র শীত ও ঘন কুয়াশা থাকলেও দুপুরের দিকে রোদের দেখা মেলে, এতে কিছুটা স্বস্তি ফিরে আসে সাধারণ মানুষের মাঝে। রোদের উপস্থিতিতে দিনের বেলায় শীতের তীব্রতা সামান্য কম অনুভূত হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরাঞ্চলে শীতের প্রকোপ অব্যাহত থাকতে পারে।
