গায়ক-অভিনেতা তাহসান খান ও তাঁর স্ত্রী রোজা আহমেদ এই দুই নাম ঘিরেই এখন বিনোদন অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁদের দাম্পত্যজীবনে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। গত বছরের শুরুতে বিয়ের ঘোষণা দেওয়া এই দম্পতি চলতি বছরের শুরুতেই আলাদা হয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
গত শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ইনডিপেন্ডেন্ট ডিজিটালকে দেওয়া এক বক্তব্যে তাহসান বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের বিচ্ছেদ হয়েছে, তা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। বেশ কয়েক মাস ধরেই আমরা আলাদা আছি। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’
এই বক্তব্য প্রকাশের পর থেকেই যেন ফোনকল আর বার্তার বন্যা! সংবাদমাধ্যম, ভক্ত, শুভাকাঙ্ক্ষী সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে তাহসান। এমন পরিস্থিতিতে বেশ বিরক্ত ও মানসিকভাবে ক্লান্ত এই শিল্পী। তিনি বলেন, ‘প্রচুর সংবাদ হচ্ছে, প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই। আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।’
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত বছরের জুলাইয়ের শেষভাগ থেকেই তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে শুরু হয় নানা আলোচনা–সমালোচনা। ‘দ্বিতীয় বিয়েও কেন ভাঙল’ এই প্রশ্নে উত্তাল হয়ে ওঠে নেট দুনিয়া।
এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে তাহসান খানের ফেসবুক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে দ্বিধায় ছিলেন তিনি। গত দুই বছরে খুব একটা সক্রিয় দেখা যায়নি তাঁকে। মাসে দু একটি পোস্টে সীমাবদ্ধ ছিল উপস্থিতি, তাও মূলত কাজের খবর ঘিরে।
