আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সীমান্ত নিরাপত্তা জোরদারে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় দিনব্যাপী ‘পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলন (STX)’ ও চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মারিশ্যা জোন সদর প্রশিক্ষণ মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন মারিশ্যা জোন কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
মহড়া চলাকালীন নির্বাচনী পরিবেশে উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, দাঙ্গা দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যদের রণকৌশল প্রদর্শন করা হয়। মূলত বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা যাচাই এবং মাঠ পর্যায়ে বিভিন্ন ইউনিটের মধ্যে দলগত সমন্বয় বৃদ্ধির লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুশীলন শেষে গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। তিনি বলেন, “বিজিবি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার সুমহান দায়িত্ব পালনের পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সদস্যরা পুরোপুরি প্রস্তুত রয়েছে।”
উক্ত পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলনে মারিশ্যা ব্যাটালিয়নের পদস্থ অফিসারবৃন্দ, জুনিয়র কর্মকর্তা এবং বিভিন্ন পদবীর বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বাস্তবমুখী বিভিন্ন পরিস্থিতির মহড়া দেখে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসছে।
আনোয়ার হোসেন( বাঘাইছড়ি) প্রতিনিধি।
