শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কালাই উপজেলায় কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা। তিনি বলেন, “শিক্ষার্থীর জীবন গঠনে শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। শুধুমাত্র পাঠ্যবই নয়, তাদের চরিত্র, মূল্যবোধ ও মানবিক গুণাবলীর বিকাশও সমান গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যেই শিক্ষাঙ্গনে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ ইফতেকার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কাজী মোঃ মনোয়ারুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ তাজমিনুল ইসলাম।
বক্তারা শিক্ষার সঙ্গে সঙ্গে শৃঙ্খলা, নৈতিকতা এবং সামাজিক দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন। পরে বিভিন্ন শ্রেণিতে মেধা ও কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অভিভাবকরা অনুষ্ঠানের সফল আয়োজনকে সময়োপযোগী মনে করে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের কার্যক্রম আয়োজনের দাবি জানান।
মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি