চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার মামলায় ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদন জমা দেয় রাঙ্গুনিয়া থানা পুলিশ।
মামলার বাদী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এনামুল হক বলেন, দীর্ঘদিন পুলিশ প্রতিবেদন না দেওয়ায় আদালত তাগাদা দেন। এরপর পুলিশ ২৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছে। আগামী ধার্য তারিখে পলাতক আসামিদের বিরুদ্ধে আদালত পরোয়ানা জারি করবেন। এরপর মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে।
তদন্ত প্রতিবেদনে হামলার ঘটনায় রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুজ্জোহা সিকদার, সাধারণ সম্পাদক মো. ইউনুস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করা হয়। এছাড়া মো. সরওয়ার, নাজিমুদ্দিন, রাসেল, মহসীন মো. হারুনসহ ২৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসে অন্তত ১১৫ জনের প্রাণহানি ঘটে। ওই মর্মান্তিক ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপির একটি প্রতিনিধিদল রাঙামাটির উদ্দেশে রওনা হয়। দলের নেতৃত্বে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গাড়িবহরটি রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় পৌঁছালে রড ও ধারালো অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
