গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে চারটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দুই কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার রাত আটটার দিকে সাঘাটা উপজেলার কচুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ জানান, তাঁর কর্মী কচুয়া এলাকার বাসিন্দা নুরুজ্জামান সরদারের বাড়িতে ঢুকে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। একই রাতে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে ভন্নতের বাজার এলাকায় তাঁর আরেক কর্মী আবু শাহীসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয়। এ সময় আবু শাহীসহ দুইজন আহত হন এবং পরে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে আগুন দেওয়া হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নাহিদুজ্জামান নিশাদ অভিযোগ করে বলেন, প্রচারণা শুরুর দিন থেকেই বিএনপি দলীয় প্রার্থী ফারুক আলম সরকারের কর্মী-সমর্থকরা তাঁদের প্রচারণায় বাধা দিচ্ছেন। গত তিন দিনে ধারাবাহিক হামলায় তাঁর কর্মী-সমর্থকদের মোট ১৪টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, পুড়ে যাওয়া মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে। আগের একটি হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতের ঘটনার তদন্ত চলছে।
তবে বিএনপি প্রার্থী ফারুক আলম হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন। মুঠোফোনে তিনি বলেন, ভাঙচুরের বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর দাবি, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
