গত ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর প্রথমবার আন্তর্জাতিক গণমাধ্যম যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও রুচির নানা দিক তুলে ধরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত এ সাক্ষাৎকারে তাঁকে শান্ত স্বভাব ও অন্তর্মুখী মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে।
সাক্ষাৎকারে নিজের পছন্দের চলচ্চিত্রের কথাও উল্লেখ করেন তারেক রহমান। তিনি জানান তাঁর প্রিয় সিনেমা হলিউডের জনপ্রিয় সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’। তিনি বলেন, ‘আমি সম্ভবত ছবিটি ৮ বার দেখেছি!’
টাইম ম্যাগাজিনের সেই প্রতিবেদনে তারেক রহমানকে আখ্যা দেওয়া হয়েছে ‘‘বাংলাদেশ’স প্রডিগাল সন’’ বা ‘প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী’ হিসেবে। প্রতিবেদনে বলা হয়েছে, কণ্ঠস্বর ভাঙা ও শারীরিক দুর্বলতা সত্ত্বেও রাজনীতিতে সক্রিয় ভূমিকায় ফেরার সংকল্প স্পষ্ট তারেক রহমানের। দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই তাঁর মা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু তাঁকে ব্যক্তিগতভাবে ভীষণ নাড়া দিলেও রাজনৈতিক দায়িত্ব পালনের ব্যাপারে তিনি অনড়।
