গাইবান্ধার ফুলছড়িতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ মিলন মিয়া (৪৪) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার মিলন মিয়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তিনি কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে যৌথবাহিনীর সদস্যরা মিলন মিয়ার নিজ বসতবাড়িতে অভিযান চালান। এ সময় তাকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে চারটি রাম দা, একটি চাইনিজ কুড়াল ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে।
সূত্র আরও জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য সহিংসতা, ভয়ভীতি ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যৌথ বাহিনী নিয়মিত তল্লাশি ও অভিযান পরিচালনা করছে।
ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা বলেন, যৌথ অভিযানে উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। আটক মিলন মিয়াকে সেনাবাহিনীর একটি টিম থানায় হস্তান্তর করে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি
