টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর চলছে। ইতোমধ্যে গ্রুপপর্বের খেলা শেষের পথে। গ্রুপপর্বে টানা চার ম্যাচে জিতে গ্রুপচ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে স্বাগতিক ভারত।
তবে দারুণ এই পারফরম্যান্সের পরও সমালোচনায় পড়েছে সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ভারতের ফিল্ডিং নিয়ে
উদ্বিঘ্ন দল। সুপার এইটের আগে ভারতীয় দলকে ফিল্ডিং নিয়ে বিশেষভাবে কাজ করার তাগিদ দিয়েছেন দেশটির সাবেক পেসার বরুণ অরুণ।
ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকইনফোর সঙ্গে আলাপচারিতায় বরুণ বলেন, ‘এটা বড় সমস্যা। গত ১২ বা সম্ভবত ১৮ মাসে ভারত সবচেয়ে দুর্বল ক্যাচিং ইউনিট। তাদের ক্যাচিংয়ের হার ৭০-এর নিচে। প্রতিটি ম্যাচে তারা অন্তত ২–৩টি ক্যাচ ড্রপ করে। আশা করি, সুপার এইট এবং সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ক্যাচগুলো তারা ছাড়বে না।’
বরুণের কথার সত্যতা মিলছে পরিসংখ্যানেও। আজ সকালের ওয়েস্ট ইন্ডিজ–ইতালি ম্যাচের আগপর্যন্ত হিসাব বলছে, ভারত তাদের ৪টি গ্রুপ–ম্যাচে মোট ৯টি ক্যাচ ছেড়েছে, যা টুর্নামেন্টের ২০ দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। শুধু আয়ারল্যান্ডই ভারতের চেয়ে বেশি ১০টি ক্যাচ হাত ছাড়া করেছে। ৬টি ক্যাচ ছেড়ে তৃতীয় স্থানে আছে নামিবিয়া।
গ্রুপপর্বে ভারত সর্বশেষ ম্যাচ খেলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। ১৭ রানে জেতা সেই ম্যাচেও ভারতের ক্যাচিং–দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। সেই ম্যাচেও হাতছাড়া হয়েছে একাধিক সুযোগ।
