পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে গাজীপুরের শ্রীপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে র্যাব-১। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার মাওনা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল ও সিনিয়র এএসপি দেবজিত পাল। এ সময় গাজীপুর জেলা প্রশাসন–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার উপস্থিত ছিলেন। এছাড়াও র্যাবের ৫-৭ জন সদস্য অভিযানে অংশ নেন। অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও
অন্যান্য অনিয়মের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি মামলায় মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
র্যাব সূত্রে জানা যায়, রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
