মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস। দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোনো রীতিতেই পড়ে না।

রোববার (০১ মার্চ) বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, পবিত্র রমজান মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে যে হামলা চালিয়েছে তা শান্তিকামী সকল মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

তিনি বলেন, কোনো স্বাধীন রাষ্ট্রের ওপর হামলা আমরা মেনে নিতে পারি না। ইরানের সঙ্গে আলোচনা চলমান থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের এ হামলা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। এমনকি ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনও লঙ্ঘন করেছে। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোনো রীতিতেই পড়ে না। এ হামলায় ইরানের একটি স্কুলের শতাধিক শিশুকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল মানবতাবিরোধী চরম অপরাধ সংঘটিত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা এই মুহূর্তে ইরানি জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। শান্তিকামী বিশ্বকে আহ্বান জানাচ্ছি ইরানের পাশে দাঁড়ানোর জন্য। আরব দেশের জনগণকে আহ্বান করছি মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য এবং মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টকারী রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য।

বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ইরানে এ হামলার বিরুদ্ধে প্রস্তাব আনতে হবে এবং মার্কিন ও ইসরাইলের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানাতে হবে। বাংলাদেশের বিপ্লবী জনতা দখলদারদের বিরুদ্ধে তীব্র ঘৃণা প্রকাশ করছে।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে ও মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ও অধ্যাপক মো. আবদুল জলিল।

এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সহসাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমদ খন্দকার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, ঢাকা মহানগর দক্ষিণের ওলামা সম্পাদক মাওলানা ফরিদ আহমদ হেলালী এবং শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান।

সমাবেশ শেষে উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।