রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের রক্তক্ষরণের বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (৩ মার্চ) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
স্ট্যটাসে ছাত্রদল সভাপতি লেখেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এ শিবিরের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে লতিফ ছাত্রাবাসের রুমে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। রুমের ভিতর ঢুকে ছাত্রদলের একজন সহযোদ্ধাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে, অনেকেই আহত হয়েছে। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শিবির সন্ত্রাসীদের প্রতিহত করা হবে এবং শিবিরের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করছি।
তিনি আরও লেখেন, ছাত্রদলের রক্ত ঝরালে, রক্তের বদলা নেয়া হবে। বিগত সাড়ে পনের বছর ছাত্রদলের রক্ত ঝরেছে, বিগত দেড় বছর প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদল মবের শিকার হয়েছে। আজও পলিটেকনিক ইনস্টিটিউট এ ছাত্রদলের রক্ত ঝরল, অথচ মোনাফেকরা সোশ্যাল মিডিয়ায় এর দায় ছাত্রদলের উপর চাপিয়ে দিল! অনেক ছাড় দেয়া হয়েছে। আর ছাড় দেয়া হবে না।
এর আগে, মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টার দিকে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ শিক্ষার্থী গুরুতর হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে।
