চলচ্চিত্র অঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি দেশের চলচ্চিত্র শিল্পকে সরাসরি ডাস্টবিনের সঙ্গে তুলনা করেছেন। তার মন্তব্যটি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
অপু বিশ্বাস বলেন, ২০১৬ সালের পর থেকে চলচ্চিত্র অঙ্গনে নোংরামির প্রবণতা বেড়ে গেছে এবং ধীরে ধীরে এটি পুরো শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছে।
তার ভাষায়, ‘একসময় পূর্ণাঙ্গ চলচ্চিত্র দিয়েই শিল্পীরা দর্শকের ভালোবাসা পেতেন। কিন্তু এখন চলচ্চিত্র শিল্প অনেকটা ডাস্টবিনে পরিণত হয়েছে।’
তিনি আরও বলেন, বলিউড, হলিউড বা টালিউডে মতভেদ থাকলেও সেখানে সবাইকে নিয়ে কাজ করার পরিবেশ রয়েছে। কিন্তু দেশের চলচ্চিত্র অঙ্গনে সেই পরিবেশ নেই। ২০০৭ সালে যখন তিনি চলচ্চিত্রে প্রবেশ করেছিলেন, তখন প্রতিযোগিতা কাজের মাধ্যমে হতো। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ধরনের প্রতিযোগিতা তৈরি হয়।
