পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে মাগুরা সদর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ দিয়ে দুঃস্থ ও গরীব মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেলে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার।
এসময় আরও উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহিম, এপিএস ইঞ্জিনিয়ার মিরাজ, কৃষক দলের নেতা সোহেল রানা মোল্লা, ভিটাসাইর এলাকার বিএনপি নেতা ফারুক হোসেন, ১নং ওয়ার্ডের বিএনপি নেতা ইসলাম হোসেন, কাশিনাথপুর গ্রামের সাদ্দাম হোসেন বাপ্পি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে ইউএনও মেহেরুন্নাহার জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ১০ লাখ টাকার অর্থ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
