সাহেব রেজা শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে শ্যামনগরের প্রয়াত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে ঈদ উপহার পৌছে দেয়া হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও শ্যামনগর আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনকারী ড. মোঃ মনিরুজ্জামান উক্ত উপহার পৌছে দেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার গ্রহন করেন অলিউল্লাহ মোল্যার স্ত্রীছালিমা খাতুনসহ তার পুত্র ও কন্যা।
বিগত আ’লীগ সরকারের সময়ে ২০১৬ সালের ১৭ জুলাই ঢাকাগামী বাস থেকে নামিয়ে নিয়ে বিপদগামী কিছু পুলিশ সদস্য তার বাড়ির সন্নিকটে নিয়ে মাথায় গুলি করে অলিউল্লাহ ম্যোলাকে হত্যা করে। শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ যশোর থেকে প্রকাশিত অনিবার্ণ পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌছে দেয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক নেতা অধ্যাপক আবু সাঈদ, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেম, জেলা বিএনপির সদস্য আশেক-ই এলাহী, শ্রমিকদল নেতা আসমত আলী, কৃষকদলের উপজেলা আহবায়ক নুরুজ্জামান, যুবদল নেতা নাজমুল হোসেন, জুয়েল হোসেন।
