স্বাধীনতা দিবসে চাঁদপুরে যুদ্ধজাহাজ কুতুবদিয়া দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
চাঁদপুর প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘বিসিজিএস কুতুবদিয়া’ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ব্যতিক্রমধর্মী এ উদ্যোগে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বুধবার (২৬ মার্চ) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ জাহাজটি চাঁদপুর বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাটে সর্বসাধারণের জন্য খোলা রাখা হয়। এ সময় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী অসংখ্য মানুষ জাহাজটি পরিদর্শনে ভিড় করেন।
দর্শনার্থীরা জাহাজের কন্ট্রোল রুম, ডেক, অস্ত্রাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখার সুযোগ পান। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নাবিকরা আন্তরিকতার সঙ্গে দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জাহাজের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। এতে সাধারণ মানুষের মধ্যে কোস্ট গার্ডের দায়িত্ব ও কার্যপরিধি সম্পর্কে আগ্রহ আরও বৃদ্ধি পায়।
জাহাজটি পরিদর্শন শেষে দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করেন। অনেকেই জানান, এ ধরনের আয়োজন তাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা, যা দেশের নিরাপত্তা বাহিনী সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করতে সহায়ক।
জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রিফাত মাহমুদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, ‘বিসিজিএস কুতুবদিয়া’ দেশের উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযান, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, চোরাচালান দমন, জলদস্যুতা প্রতিরোধ, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণসহ সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় জাহাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, স্বাধীনতা দিবসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিনে এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণের সঙ্গে কোস্ট গার্ডের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বাহিনীর সক্ষমতা, পেশাদারিত্ব ও দেশপ্রেম সম্পর্কে জনগণের মধ্যে প্রত্যক্ষ ধারণা সৃষ্টি করা।