পঞ্চগড়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) রাতে আকস্মিক ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির আঘাতে জেলার সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে প্রায় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে সদর উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের চাঁনপাড়া গ্রামে। সেখানে চাকাতিবালা নামের ৭৮ বছর বয়সী এক বৃদ্ধার টিনের ঘরের উপর বড় একটি গাছ ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, ঝড়ের তীব্রতায় পঞ্চগড়ের একটি চারতলা ভবনের দেয়াল ভেঙে পাশের বাড়ির উপর পড়ে। এতে ওই বাড়ির চালা ও পাটাতন ভেঙে যায় এবং ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা স্বামী-স্ত্রী ও তাদের সন্তান চাপা পড়ে গুরুতর আহত হন।
ঝড়ের কারণে জেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে সড়ক ও রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।
ঘটনার পর আজ সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
স্থানীয়রা জানান, হঠাৎ করে শুরু হওয়া এই কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে তারা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।