শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং অপর একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, ‘জহির ডায়াগনস্টিক চক্ষু এন্ড জেনারেল হাসপাতাল’ এ অগ্নিনির্বাপণ ব্যবস্থার অনুমোদন না থাকা এবং যন্ত্রপাতিতে ত্রুটি পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতির খবর পেয়ে ‘মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড ট্রমা সেন্টার’এর চিকিৎসক ও কর্মচারীরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। পরে ওই প্রতিষ্ঠান থেকে একটি ল্যাপটপ ও চারটি মোবাইল ফোন জব্দ করে নিবন্ধন না থাকায় হাসপাতালটি সিলগালা করা হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পূর্ব থেকেই নানা অভিযোগ ছিল। নিয়ম না মানলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।