মাগুরা শহরে একটি গাড়ি থেকে তেল নামানোকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের হাজী সাহেব রোডের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, একটি গাড়ি থেকে ট্রাক্টরচালিত যানবাহনের ড্রামে তেল নামানো হচ্ছিল। বিষয়টি দেখে সন্দেহের সৃষ্টি হয় এবং মুহূর্তেই এলাকায় হইচই পড়ে যায়।
সরেজমিনে দেখা যায়, একটি গাড়ি থেকে ট্রাক্টরচালিত গাড়িতে তেল স্থানান্তর করা হচ্ছে। এ সময় এক পথচারী বলেন, “পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, অথচ গোপনে এভাবে তেল নামানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”
এলাকাবাসীর দাবি, তেলের গাড়িটিতে একাধিক চেম্বার রয়েছে এবং সেগুলোতে ডিজেল ও পেট্রোল থাকতে পারে বলে তাদের ধারণা।
তবে অভিযোগ অস্বীকার করে তেলের মালিক খন্দকার এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুল কাদির বলেন, “এটি কোনো জ্বালানি তেল নয়, এটি বার্নিশ ওয়েল। পিচঢালা রাস্তার কাজে মিক্সার প্লান্টে ব্যবহারের জন্য আনা হয়েছে।” তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে।
গাড়ির চালকও একই দাবি করে জানান, তারা ঢাকা থেকে বার্নিশ ওয়েল নিয়ে এসেছেন, যা সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত হয়।
এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।