প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩৩ (২০২৬) উদযাপনকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনকে কেন্দ্র করে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলসহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় জানানো হয়, পহেলা বৈশাখের সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হবে, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এছাড়া সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী গানের আয়োজন করা হবে।
এছাড়াও শহীদ আব্দুর রাজ্জাক পার্ক অথবা নির্ধারিত অন্য কোনো ভেন্যুতে লোকজ মেলা বা বৈশাখী মেলার আয়োজনের পরিকল্পনা রয়েছে। নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে শহরজুড়ে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসনের উদ্যোগে প্রাতরাশে পান্তা-ইলিশসহ দেশীয় ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকবে। পাশাপাশি জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং শিশু একাডেমির উদ্যোগে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
১লা বৈশাখে জাতীয় সংগীত পরিবেশন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির সূচনা করা হবে। বৈশাখী শোভাযাত্রায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনাও গৃহীত হয়েছে।