ইকবাল হোসেন রিংকু||‘ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। সোমবার ৬ এপ্রিল সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
সভায় জেলা প্রশাসক বলেন, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ এবং অন্যদের উৎসাহিত করার আহ্বান জানান। এ সময় আরও বক্তব্য দেন জেলা
ক্রীড়া অফিসার মো. মাজহারুল মজিদ। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।