ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে কোনো ধরনের যুদ্ধবিরতি চলার খবর নাকচ করে দিয়েছেন। উত্তর ইসরাইলের বাসিন্দাদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি জোর দিয়ে বলেন, লেবাননে বর্তমানে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ওই বার্তায় জানানো হয়, হিজবুল্লাহর ওপর পূর্ণ শক্তি দিয়ে হামলা অব্যাহত রাখা হবে এবং উত্তর ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান থামবে না।
নেতানিয়াহু আবারও ইসরাইলের মূল লক্ষ্যগুলোর কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং ইসরাইল ও লেবাননের মধ্যে একটি ঐতিহাসিক ও টেকসই শান্তি চুক্তি নিশ্চিত করাই তাদের প্রধান উদ্দেশ্য।
