মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মতবিনিময় সভায় সাংবাদিকদের বেরিয়ে যেতে বললেন ডিসি

মতবিনিময় সভায় সাংবাদিকদের বেরিয়ে যেতে বললেন ডিসি

মতবিনিময় সভায় সাংবাদিকদের বেরিয়ে যেতে বললেন ডিসি

মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংবাদ সংগ্রহ ও মতামত দেওয়ার জন্য উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে জেলা প্রশাসকের দেওয়া বক্তব্য নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে মহম্মদপুর প্রেসক্লাবের সদস্যরা।

রোববার (২৮ সেপ্টেম্বর) মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়।

সাংবাদিকদের অভিযোগ, আমন্ত্রণের পর তারা এলাকার সার্বিক সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরতে এবং সভার সংবাদ সংগ্রহের জন্য উপজেলা হলরুমে উপস্থিত হন। কিন্তু পরিচয় পর্ব চলাকালে জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশে মাইকে বলেন—“সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথি ছাড়া এখানে কাউকে না থাকার জন্য বলছি। প্রেসক্লাবের শুধু সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন সংবাদ কালেকশনের প্রয়োজন নেই, সংবাদ যথাসময়ে আপনাদেরকে দিয়ে দেব।”

জেলা প্রশাসকের এমন বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সাংবাদিকদের প্রশ্ন—একটি ‘মতবিনিময় সভায়’ সাংবাদিকদের উপস্থিতির উদ্দেশ্য যদি শুধু সংবাদ গ্রহণ করা হয়, তাহলে তাদের মতামত, প্রশ্ন কিংবা এলাকার বাস্তব সমস্যা তুলে ধরার সুযোগ কোথায়?

মহম্মদপুর প্রেসক্লাবের সদস্যরা বলেন, সাংবাদিকরা কোনো অনুষ্ঠানে শুধু সংবাদ সংগ্রহের জন্য যান না; জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের সঙ্গে মতবিনিময়, প্রশ্ন করা এবং এলাকার মানুষের কথা তুলে ধরাও তাদের দায়িত্বের অংশ। বিশেষ করে একটি মতবিনিময় সভায় সাংবাদিকদের ডেকে এনে কথা বলার সুযোগ না দিয়ে তাদের উপস্থিতি নিয়ে এমন মন্তব্য করা অত্যন্ত হতাশাজনক।

তারা আরও বলেন, একটি মতবিনিময় সভায় সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হলে সেটি কতটা ‘মতবিনিময়’—এ প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে আসে।

উল্লেখ্য, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ গত ৪ জুন ২০২৬ তারিখে মাগুরা জেলায় আনুষ্ঠানিকভাবে যোগদান ও দায়িত্ব গ্রহণ করেন। সাংবাদিকদের দাবি, দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত জেলা প্রশাসকের সঙ্গে মহম্মদপুর উপজেলার সাংবাদিকদের কোনো পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়নি।

সাংবাদিকরা জানান, দীর্ঘদিন পর জেলা প্রশাসকের উপস্থিতিতে মতবিনিময় সভা হওয়ায় মহম্মদপুরের সাংবাদিকরা এলাকার গুরুত্বপূর্ণ বিষয়—নদীভাঙন, সড়ক যোগাযোগ, জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন জনদুর্ভোগের কথা তুলে ধরার প্রত্যাশা করেছিলেন। কিন্তু সেই সুযোগ তারা পাননি।

এ ঘটনায় মহম্মদপুর প্রেসক্লাবের সদস্যরা জেলা প্রশাসকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের যথাযথভাবে অংশগ্রহণের সুযোগ, প্রশ্ন করার স্বাধীনতা এবং এলাকার জনস্বার্থের বিষয় তুলে ধরার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সাংবাদিকদের ভাষ্য, সংবাদ প্রশাসনের দেওয়া কোনো ‘প্রেস রিলিজ’ মাত্র নয়; মাঠপর্যায়ের মানুষের কথা, প্রশ্ন ও বাস্তবতার প্রতিফলনই সাংবাদিকতার মূল শক্তি। তাই সাংবাদিকদের ডেকে এনে মতামত দেওয়ার সুযোগ না দিয়ে ‘সংবাদ পরে দিয়ে দেওয়া হবে’—এ ধরনের বক্তব্য সাংবাদিকতার স্বাধীন ভূমিকা ও মতবিনিময়ের উদ্দেশ্য নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

 

 

শাহ আমানত মিঠু  মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি