রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়ায় হজ যাত্রীদের হাতে-কলমে ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ কর্মশালা

হাতিয়ায় হজ যাত্রীদের হাতে-কলমে ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ কর্মশালা

হাতিয়ায় হজ যাত্রীদের হাতে-কলমে ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ কর্মশালা

হানিফ উদ্দিন সাকিব 
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

পবিত্র হজ পালনে আগ্রহী যাত্রীদের সঠিক প্রস্তুতি নিশ্চিত করতে নোয়াখালীর হাতিয়া উপজেলায় ব্যতিক্রমধর্মী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে আরাফাত হজ্জ ট্রাভেলস। বাস্তবধর্মী প্রতিকৃতি স্থাপনের মাধ্যমে হজের প্রতিটি ধাপ সহজভাবে উপস্থাপন করায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

শনিবার (১১ এপ্রিল) সকালে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গণ ও উপজেলা জামে মসজিদ মাঠে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নিবন্ধিত ৮০ জন হজযাত্রী এবং ৬০ জন ওমরাহ যাত্রীসহ হাতিয়ার বিভিন্ন এলাকার আলেম-ওলামারা অংশগ্রহণ করেন।

আরাফাত হজ্জ ট্রাভেলসের স্বত্বাধিকারী হাজী আবদুর রহিমের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন নলচিরা ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মোস্তফা আল কাশেমী, খাসেরহাট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নিজাম উদ্দিন এবং উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মোছলেহ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হলো হজ, যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করা হয়। সঠিক জ্ঞান ও প্রস্তুতি ছাড়া হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত যথাযথভাবে সম্পাদন করা কঠিন। হজের প্রতিটি আমল নিয়মমাফিক পালন না করলে এর মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। তাই এ ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ হাজীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণে হজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি ইহরাম পরিধান, তালবিয়া পাঠ, তাওয়াফ, সাঈ, আরাফাত, মুজদালিফা ও মিনায় অবস্থান, শয়তানকে পাথর নিক্ষেপ এবং কুরবানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপের বাস্তব অনুশীলন করানো হয়।

হজযাত্রী মাকছুদুর রহমান বলেন, “হজের নিয়ম-কানুন সম্পর্কে আগে তেমন ধারণা ছিল না। এই হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পেরেছি। এখন হজ পালন করতে গিয়ে আর কোনো জটিলতায় পড়তে হবে না।”

আয়োজক হাজী আবদুর রহিম জানান, সাধারণত হজ প্রশিক্ষণ কেবল কক্ষভিত্তিক ব্রিফিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে এবার বড় পরিসরে মাঠে প্রতিকৃতি স্থাপন করে বাস্তবভাবে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা হাজীদের জন্য হজের আমলগুলো সহজভাবে আয়ত্ত করতে সহায়ক হবে।