মরিশাসে চলমান ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও আঞ্চলিক সমন্বয় এবং আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী ধনঞ্জয় রামফুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বর্তমানে ড. খলিলুর রহমান নবম ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে মরিশাসে অবস্থান করছেন। ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বালাক্লাভার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুল দুই দেশের সম্পর্ক আরও জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এছাড়া ভারত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।
