মাগুরায় শিব ঠাকুরের মাথায় জল ঢেলে চৈত্র সংক্রান্তি উদযাপন
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরায় পবিত্র মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা চৈত্র সংক্রান্তি উৎসব পালন করছেন। এ উপলক্ষে ভক্তরা উপবাস থেকে ফুল, বেলপাতা, দুধ ও আতপ চালসহ নানা পূজার সামগ্রী দিয়ে শিব ঠাকুরের সন্তুষ্টি কামনা করেন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মাগুরা শহরের বাটিকাডাঙ্গা ঠাকুরবাড়িতে শতবর্ষের ঐতিহ্যবাহী এ উৎসব পালিত হয়। প্রতিবছরের মতো এবারও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ এই সংক্রান্তি পালন করেন।
মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক লিপিকা দত্ত জানান, চৈত্র সংক্রান্তি হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রাচীন উৎসব। এ উপলক্ষে অনেকেই পুরো মাস নিরামিষ আহার গ্রহণ করেন এবং সন্ন্যাস ধর্ম পালন করেন। সংক্রান্তির দিনে বিশেষ করে নারীরা শিব ঠাকুরের মাথায় জল ঢেলে তাদের মনের আশা-আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এই উৎসবকে ঘিরে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোও সেজে ওঠে নতুন রূপে। অনেক ব্যবসায়ী এদিন নতুন হিসাব খাতা খুলে ‘হালখাতা’র আয়োজন করেন।
এদিকে, সন্ন্যাসীরা শিব পূজার অংশ হিসেবে বিভিন্ন কঠোর আচার পালন করেন। এর মধ্যে খেজুর গাছের কাঁটা ভাঙা এবং আগুনে ঝাঁপ দেওয়ার মতো ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটে।
চৈত্র সংক্রান্তি হিন্দু বাঙালিদের অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। দিনটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে পূজা-অর্চনা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে নারীরা শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিজেদের সিঁদুরে রাঙিয়ে পরিবার ও স্বজনদের মঙ্গল কামনায় প্রার্থনা করছেন