কসবায় থানা পুলিশের পৃথক অভিযানে মোট ৩৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় অভিযান চালিয়ে আবদুল্লাহ আল ফয়সাল (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার বহন করা একটি লাগেজ তল্লাশি করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাউতলা এলাকার বাসিন্দা। আটক ফয়সাল নিজেকে বিজিবির চাকরিচ্যুত সদস্য বলে দাবি করেছেন।
স্থানীয় বিজিবি সূত্র জানায়, আবদুল্লাহ আল ফয়সাল আগে বিজিবিতে কর্মরত ছিলেন। দুই মাসের ছুটিতে বাড়িতে যাওয়ার পর তিনি আর কর্মস্থলে যোগদান করেননি।
অন্যদিকে, কসবা পৌর শহরের টি. আলী বাড়ি মোড় এলাকায় পৃথক আরেকটি অভিযানে শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪ কেজি গাঁজাসহ মুরাদ মিয়া (৪৪) ও হেলাল মিয়া (৪৩) নামে দুইজনকে ২ আটক করা হয়। তারা নরসিংদীর চম্পকনগর এলাকার বাসিন্দা। এছাড়াও ক জাজিয়ারা এলাকায় ওয়াসিম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় ডিমের হাঁচির ভেতরে লুকিয়ে রাখা আরও ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক
করা সম্ভব হয়নি। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, পৃথক এসব অভিযানে মোট ৩৪ কেজি গাঁজা উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়েছে। আটক আবদুল্লাহ আল ফয়সাল নিজেকে বিজিবির সাবেক সদস্য দাবি করলেও তার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম। কসবা প্রতিনিধি