পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছে, যার মধ্যে গুরুতর আহত তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের আলম মোল্লা ও আপাল শেখদের সঙ্গে অপর পক্ষের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সম্প্রতি উত্তেজনা চরমে পৌঁছায়। অভিযোগ উঠেছে, আলম মোল্লা ও আপাল শেখ, আবুল মোল্লা, সবুর শেখ, আরশেদ শেখ এবং আলেয়া মেম্বারের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় মুক্তার, সিরাজ, ফাইমসহ আরও চার থেকে পাঁচজনকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে ভর্তি রাখেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এদিকে ভুক্তভোগী পক্ষের অভিযোগ, হামলাকারীরা লতিফ শেখসহ কয়েকজনের প্রায় ৩৯ বিঘা জমির ফসল নষ্ট করে এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। এতে করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এন জামান হাশেমী
উপজেলা প্রতিনিধি, সুজানগর (পাবনা)