জুলাই শহীদ দিবস উপলক্ষে রাঙামাটি বায়তুশ শরফ আদর্শ জব্বারিয়া আলিম মাদ্রাসায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ জুলাই) সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সামশুল আরেফিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক চৌধুরী হারুনুর রশীদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু কাশেম এবং বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা সাইদুর রহমান।
সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন করে আলোর পথ দেখেছে। ছাত্র-জনতার কোটা সংস্কার আন্দোলন বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে গণআন্দোলনে রূপ নেয়। এর মাধ্যমে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা ফিরে পেয়েছে এবং স্বৈরাচার সরকারের পতন হয়েছে।
বক্তারা নতুন প্রজন্মকে জুলাইয়ের চেতনা ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার এবং সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম
