ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে দুটি ভিডিও বার্তা দিয়েছিলেন। এর মধ্যে একটি ভিডিও ব্লক করেছিল ইনস্টাগ্রাম ও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
এমন পদক্ষেপের কারণ জানতে মঙ্গলবার কোম্পানিটির গ্লোবাল পাবলিক পলিসি প্রধানকে তলব করেছে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। ছাত্রদের উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে প্রথম সেলফি ভিডিওটি পোস্ট করা হয়েছিল ২৩ জুলাই।
ঘটনার সূত্রপাত হয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক কর্মীর এক্সে দেওয়া পোস্টের মাধ্যমে। মঙ্গলবার তিনি ফেসবুকে খুঁজতে গিয়ে দেখেন নরেন্দ্র মোদির অ্যাকাউন্টে ওই ভিডিওটি নেই। এ নিয়ে পরে এক্সে একটি পোস্ট দেন। বিষয়টি অন্যদের নজরে এলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভিডিওটি যখন ব্লক করা ছিল তখন সেখানে মেটার পক্ষ থেকে প্রকাশ করা বার্তায় বলা হয়, ‘আইনি অনুরোধের কারণে ভারতে এটি পাওয়া যাচ্ছে না।’ সমালোচনা শুরু হলে প্ল্যাটফর্মটি দ্রুতই ভিডিওটি আবার চালু করে দেয়। তবে ব্লকের কারণ জানতে সরকারের পক্ষ থেকে মেটার শীর্ষ কর্মকর্তাকে তলব করা হয়েছে।
