গাজায় অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকে খাদ্য সরবরাহ বাড়লেও তা এখনো চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। শীতকালীন বৃষ্টি পৌঁছে দেয়া খাদ্যসামগ্রী নষ্ট হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে বলে শুক্রবার জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
ডব্লিউএফপি–এর মুখপাত্র মার্টিন পেনার সংবাদকর্মীদের বলেন, ‘আগের তুলনায় যুদ্ধবিরতির পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু সামনে এখনও দীর্ঘ পথ। পরিবারগুলোর স্বাস্থ্য, পুষ্টি ও জীবিকা পুনর্গঠনে টেকসই সহযোগিতা জরুরি।’
ডব্লিউএফপি আরও জানায়, এখনও লাখ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন। আগস্টে একটি বৈশ্বিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছিল, উপত্যকার কিছু অঞ্চলে অন্তত পাঁচ লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্যে বসবাস করছে।
ডব্লিউএফপি–এর জ্যেষ্ঠ মুখপাত্র আবির ইত্তেফা জানান, চলতি সপ্তাহের শুরুর দিকে গাজায় ভারী বৃষ্টিতে অনেক পরিবারের মজুত করা খাদ্য নষ্ট হয়ে গেছে ও ভেসে গেছে। শীত এগিয়ে আসার সঙ্গে এই পরিস্থিতি পরিবারগুলোর জন্য আরও চ্যালেঞ্জ সৃষ্টি করছে বলে উল্লেখ করেন তিনি।
