বাজবল। ইংল্যান্ডের এই অ্যাপ্রোচেই খেলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। পার্থে নিজেদের দ্বিতীয় ইনিংসে তার সঙ্গে যুক্ত হয়েছিলেন অস্ট্রেলিয়ার বাকিরাও, বাজবল ছাপিয়ে হেড খেলেছেন টি-২০ মেজাজে। তাতে দুই দিনেই ইংল্যান্ডকে ঘায়েল করে অ্যাশেজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দল।
৬৯ বলে সেঞ্চুরি করা হেডের ৮৩ বলের ১২৩ রানে ভর করে ৮ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। সাধারণত মিডলঅর্ডারে নামলেও হেড এদিন নেমেছিলেন ওপেনিংয়ে, জ্যাক ওয়েদারেল্ডের সঙ্গে ৭৫ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি, পরে মার্নাস লাবুশেনের সঙ্গে জুটি হয় ১১৭ রানের। তাতে ইংল্যান্ডের দেওয়া ২০৫ রানের লক্ষ্য ২৮.২ ওভারেই পেরিয়ে গেছে অস্ট্রেলিয়া। তারা রান তুলেছে ওভারপ্রতি ৭+, খাঁটি বাজবলের চেয়েও দ্রুততার সঙ্গে।
হেডের ৮৩ বলের ইনিংসে ছিল ১৬টি চার ও ৪টি ছয়ের মার। মার্নাস লাবুশেন ৪৯ বলে করেন ৫১। ইংল্যান্ডের হয়ে দুটি উইকেটই নেন ব্রাইডন কার্স।
