মীর কাশেম আজাদ কক্সবাজার
কক্সবাজার শহরের বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টিডিয়াম থেকে ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আরাফাত ভূঁইয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর অপর দুই বন্ধু আহত হয়েছেন।
শনিবার রাত আনুমানিক ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোঁয়াপালং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত ভূঁইয়া উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকার মৃত দিদারুল আলম ভূঁইয়ার ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহত অপর দুজনের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্তী বলেন , শনিবার বিকেলে কক্সবাজার জেলা সদরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা খেলোয়াড় সমিতি আয়োজিত গোল্ডকাপ টুর্নামেন্টে উখিয়া বনাম মাতামুহুরী উপজেলা দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।ওই ম্যাচ দেখতে আরাফাত ভূঁইয়াসহ কয়েকজন বন্ধু কক্সবাজারে যান। খেলা শেষে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আরাফাত। পথিমধ্যে রামুর ধোঁয়াপালং এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহীই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। পরিদর্শক সুকান্ত চক্রবর্তী আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।