রাজধানীর মোটর শো-তে বহুল প্রতীক্ষিত হাইব্রিড এসইউভি জেইকো জে ৭ পি এইচ ই ভি (J7 PHEV SHS) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ওমোদা জেইকো। অত্যাধুনিক প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স এবং জ্বালানি সাশ্রয়ের সমন্বয়ে গাড়িটি ইতোমধ্যেই অটোমোবাইলপ্রেমীদের নজর কেড়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক সাইদুর রহমান, এশিয়ান হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন এবং নির্বাহী পরিচালক সাদিকুল মোস্তাক। এ সময় জনপ্রিয় অটোমোবাইল ইনফ্লুয়েন্সার হক রিয়াজ ও মুস্তাভিও উপস্থিত ছিলেন।
নতুন এই এসইউভিতে ব্যবহার করা হয়েছে ৫ম প্রজন্মের ১ দশমিক ৫ টিডিজিআই ইঞ্জিন এবং সুপার হাইব্রিড সিস্টেম (SHS)। শক্তিশালী এই সমন্বয়ে গাড়িটি সর্বোচ্চ ৩৪১ বিএইচপি শক্তি ও ৫২৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম, যা সর্বোচ্চ ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ অর্জন করতে পারে।
গাড়িটির অন্যতম বড় আকর্ষণ এর অসাধারণ জ্বালানি দক্ষতা। একবার পূর্ণ চার্জ ও জ্বালানিতে এটি ১ হাজার ৩৫০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করতে পারে। শুধু বৈদ্যুতিক শক্তিতে ১০০ কিলোমিটারের বেশি চলার সক্ষমতা রয়েছে, যেখানে প্রতি কিলোমিটারে খরচ মাত্র ২.২০ টাকা।
১৮ দশমিক ৩ কিলোওয়াট-ঘণ্টা ব্যাটারিটি ডিসি ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ২০ মিনিটে ৩০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব, যা ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা যোগ করেছে।
বাংলাদেশের আবহাওয়া ও সড়ক পরিস্থিতি বিবেচনায় এতে রাখা হয়েছে ৬০০ মিলিমিটার ওয়াটার ওয়েডিং সুবিধা, যা বর্ষাকালে জলাবদ্ধ রাস্তায় সহজ চলাচল নিশ্চিত করবে। নিরাপত্তার দিক থেকেও গাড়িটি এগিয়ে- ৫-স্টার ইউরো এনক্যাপ রেটিং, ৮টি এয়ারব্যাগ এবং অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) এতে সংযুক্ত রয়েছে।
এছাড়া আধুনিক ফিচারের মধ্যে রয়েছে ১৪ দশমিক ৮ ইঞ্চির টাচস্ক্রিন, ভেন্টিলেটেড সিট এবং ভেহিকল-টু-লোড (V2L) প্রযুক্তি, যার মাধ্যমে বাইরের ইলেকট্রনিক যন্ত্রপাতি চালানো যাবে।