এক ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে গোটা বাংলাদেশকে! শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে। দেশের ১৪ কোটি মানুষ কম্পন অনুভব করেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
এক অনুমিত হিসাবে ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পে দেশের ৭ কোটির বেশি মানুষ মৃদু ভূকম্পন অনুভব করেছেন। হালকা ঝাঁকুনি পেয়েছেন আরও প্রায় পৌনে ৭ কোটি মানুষ। এ ছাড়া শক্তিশালী কম্পন অনুভব করেছেন ঢাকার ১ কোটির বেশি মানুষ। আর উৎপত্তিস্থল নরসিংদী জেলায় উচ্চ শক্তিশালী কম্পন অনুভব করেছেন প্রায় ৩ লাখ মানুষ।
সংস্থাটি আরও জানিয়েছে, বাংলাদেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চল ভূমিকম্পপ্রবণ হলেও কেন্দ্রীয় অঞ্চল তুলনামূলকভাবে শান্ত থাকে। ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত ঢাকার ২৫০ কিলোমিটারের মধ্যে ৫ দশমিক ৫ বা এর বেশি মাত্রার ১৪টি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে দুটি ছিল ৬ মাত্রার।
