গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্যোতিষ চন্দ্র বর্মন (মনা) (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া পচাবস্তা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জ্যোতিষ চন্দ্র বর্মন ওই এলাকার সুরেন্দ্র বর্মনের ছেলে। তিনি নিজ ঘরে ব্যালেন্ডার মেশিনে কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, জ্যোতিষ চন্দ্র বর্মন স্থানীয় মতরপাড়া বটতলা বাজারে একটি চায়ের দোকান পরিচালনা করতেন। ওই আয় দিয়েই তিনি পরিবার চালাতেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার বাবা-মা দুজনই দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। ফলে তার মৃত্যুতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে।
এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।