বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ. এম. এম. মাহবুব উদ্দিন খোকন বলেছেন, নির্বাচনী আন্দোলন হলো বাংলাদেশ রক্ষার আন্দোলন, সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে নোয়াখালীর পাঁচগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির কর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার খোকন বলেন, ‘গত ১৫ বছর ধরে বাংলাদেশে কোনো ভোট হয়নি। মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবারকার নির্বাচন হলো সেই ভোটাধিকার নিশ্চিত করার নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে কিন্তু জনগণকে সাথে নিয়ে বিএনপি যেকোনো পরিস্থিতি মোকাবেলা করবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে যেন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়, সে জন্য বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামরিক নেতা হয়েও দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। আর তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবরণসহ নানা নির্যাতন সহ্য করেও গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। গত ১৫ বছর ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছেন।’
