পার্থ টেস্ট তৃতীয় দিনে গড়াতেই পারত। কিন্তু টেস্টে মাত্র নবমবারের মতো ওপেনিং করতে নামা ট্রাভিস হেডের তাণ্ডবে তা শেষ হয়ে যায় দুই দিনে। তার ৮৩ বলে ১২৩ রানে ইংল্যান্ডের দেওয়া ২০৫ রানের টার্গেট অস্ট্রেলিয়া অর্জন করে ফেলে মাত্র ২৮.২ ওভারে।
পার্থ টেস্ট শেষ হয় মাত্র দুদিনে। রান তাড়ায় ওভারপ্রতি ৭+ রান করে তুলে অস্ট্রেলিয়া। হেড সেঞ্চুরি করেছিলেন ৬৯ বলে, যা রান তাড়ায় চতুর্থ ইনিংসে সবচেয়ে দ্রুততম। শুধু হেড নন, ইংল্যান্ডের বাজবল অ্যাপ্রোচে খেলেছেন অস্ট্রেলিয়ার বাকিরাও। মার্নাস লাবুশেন ৪৯ বলে করেন ৫১, জ্যাক ওয়েদারেল্ডের ব্যাট থেকে ৩৪ বলে আসে ২৩।
ইংল্যান্ডের দেওয়া ২০৫ রানের লক্ষ্য ২৮.২ ওভারেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৭২ রান করার পর দ্বিতীয় ইনিংসে করে ১৬৪, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে আউট হয়েছিল ১৩২ রানে। ম্যাচ দুদিনে শেষ হয়ে যাওয়ার ফলে ৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতির আশঙ্কা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশি মুদ্রায় যা ২৩ কোটি টাকারও বেশি। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
