‘সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
সকাল ৯টার দিকে আদালত প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন এবং সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে আদালত ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুগ্ম ও দায়রা জজ অলরাম কার্জীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান, নারী ও শিশু ট্রাইব্যুনাল-১-এর বিচারক মেরিনা সুলতানা, আইনজীবী সমিতির আহ্বায়ক সেকেন্দার আজম আনাম, জিপি আব্দুল মজিদ, পিপি আব্দুল হালিমসহ জেলা জজ কোর্টের বিচারক ও স্থানীয় বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করাই এই দিবসের মূল উদ্দেশ্য। ২০০০ সালের আইন অনুযায়ী ২০১৩ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট রেজোয়ানুল মন্ডল ও অ্যাডভোকেট আহম্মেদ নাজমুল হুদার হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
গাইবান্ধা প্রতিনিধি
