আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় ২৯ এপ্রিল ২০২৬ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা।
পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
সভায় বক্তারা শব্দদূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, অতিরিক্ত শব্দ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে শব্দদূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মেডিকেল অফিসার ডা. এজাজ আহমেদ রোচি, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহিদুল আলম, পরিবেশ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মোটর শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও শিক্ষার্থীরা।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, মাগুরার আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
